শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Logo

বুমরাহর অবিশ্বাস্য বোলিংয়ে ১৫০ রান করেও লিড পেল ভারত

Reporter Name / ৮৫ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

জাসপ্রীত বুমরাহ। নামটি এখন ব্যাটারদের কাছে রীতিমতো ত্রাসে পরিণত হয়েছে। তিন ফরম্যাটেই সমানতালে পারফর্ম করা এমন বোলার ইতিহাসেই বিরল। শুধু চেনা কন্ডিশনে নয়, বুমরাহ নিজেকে প্রমাণ করেছেন বিশ্বের সব কন্ডিশনে। নিজেকে একটু একটু করে শাণিত করে নাম তুলেছেন বিশ্বসেরাদের কাতারে। ঠিক কী কারণে বুমরাহ এখন বিশ্বসেরা, পার্থে সেটারই প্রমাণ আরও একবার দিয়েছেন ভারতীয় এই পেসার।

নিজস্ব প্রতিবেদক,

পার্থ টেস্টের প্রথম ইনিংসে অজি ব্যাটারদের রীতিমতো নাকানিচুবানি খাইয়েছেন বুমরাহ। দুর্দান্ত বোলিং করে কোনো ব্যাটারকেই ক্রিজে সেট হওয়ার সুযোগ দেননি তিনি। ১৮ ওভার বোলিং করে মেডেন দিয়েছেন ৬টি। ৩০ রানের বিনিময়ে উইকেট নিয়েছেন পাঁচটি। 

বুমরাহর মতোই পার্থ টেস্টের প্রথম ইনিংসে জ্বলে উঠেছেন অভিষিক্ত হারশিত রানা। তরুণ এই পেসার ১৫.২ ওভার বল করে ৪৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। বাকি দুই উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ।

পেসারদের এই আগুনঝরা বোলিংয়ে ব্যাটিংয়ের দৈন্যদশা সামাল দিয়েছে ভারত। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ার পরেও ৪৬ রানের লিড পেল বুমরাহর দল। মিচেল স্টার্কের ২৬ রানের কল্যাণে কোনোমতে শতক পেরিয়ে ১০৪ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।  

শনিবার (২৩ নভেম্বর) ৭ উইকেটে ৬৭ রান নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে ৩ রান যোগ হতেই বুমরাহর বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন অ্যালেক্স ক্যারি। ৯ রানের ব্যবধানে নাথান লায়ন ফেরেন হারশিত রানার বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে।

৭৯ রানে ৯ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে শতক পার করান মিচেল স্টার্ক। শেষ উইকেটে জশ হ্যাজেলউডকে নিয়ে ২৫ রানের জুটি গড়েন তিনি। ১১২ বল খেলে ২৬ রান করেন স্টার্ক, যা অস্ট্রেলিয়ার ইনিংস সর্বোচ্চ। হারশিত রানার বলে বড় শট মারতে গিয়ে শেষমেশ আউট হন তিনি।

এর আগে প্রথম দিনের খেলায় দাপট দেখিয়েছে দুদলের পেসাররা। একদিনেই পড়েছে ১৭ উইকেট। টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার মতো বিপর্যয়ে পড়ে ভারতও। তবে রিশভ পন্ত এবং নিতিশ কুমার রেড্ডির ইনিংসে ভোর করে কোনোমতে ১৫০ রান করে ভারত। নীতিশ ৫৯ বলে ৪১ আর পন্ত ৭৮ বলে ৩৭ রান করেন। তৃতীয় সর্বোচ্চ ২৬ রান করেন লোকেশ রাহুল। জবাবে ব্যাট হাতে নেমে জাসপ্রীত বুমরাহর তোপে ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে অস্ট্রেলিয়া।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com